‘ফুয়েল পাস’ দেওয়ার উদ্যোগ: কিউআর কোডে মিলবে নির্ধারিত জ্বালানি তেল

oplus_2

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ৩০শে মার্চ ২০২৬):

জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখতে ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। কিউআর কোডভিত্তিক এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট যানবাহনকে নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত পরিমাণ জ্বালানি দেওয়া হবে।

সোমবার সচিবালয়ে জ্বালানি বিভাগের এক ব্রিফিংয়ে একথা জানানো হয়।

জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মুনির হোসেন বলেন, জ্বালানি তেলের চাহিদা নিয়ন্ত্রণ এবং অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলকে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা আছে। কারণ অকটেনভিত্তিক এই খাতে চাহিদা তুলনামূলক বেশি এবং সাম্প্রতিক সময়ে প্যানিক বায়িংয়ের প্রবণতাও বেশি দেখা গেছে।

ফুয়েল পাস কোথা থেকে দেওয়া হবে—এ প্রশ্নের জবাবে জানানো হয়, এটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি না দিয়ে কেন্দ্রীয়ভাবে তৈরি করে ফিলিং স্টেশনগুলোর মাধ্যমে বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। এতে করে ভোগান্তি কমানো সম্ভব হবে।

তিনি জানান, এই ব্যবস্থায় প্রতিটি নিবন্ধিত যানবাহনের জন্য একটি কিউআর কোড ইস্যু করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই কোড ব্যবহার করে নির্ধারিত পরিমাণ জ্বালানি নেওয়া যাবে। একবার জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়ের আগে আবার নেওয়া যাবে না—এভাবে একই যানবাহনের একাধিকবার জ্বালানি নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা হবে।

ফুয়েল পাস বাস্তবায়নের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা অ্যাপ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য, যানবাহনের রেজিস্ট্রেশন, জ্বালানি গ্রহণের সময় ও পরিমাণ—সবকিছু রেকর্ড রাখা হবে। এতে করে বাজারে অতিরিক্ত চাপ কমানো এবং সরবরাহের সুষম বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

তবে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে না বলেও স্বীকার করেছেন সংশ্লিষ্টরা। জ্বালানি বিভাগের ভাষ্য, এই ধরনের একটি সিস্টেম চালু করতে সময় লাগবে এবং মাঠপর্যায়ে সমন্বয়ের প্রয়োজন হবে। শুরুতে এটি সীমিত পরিসরে চালু করে পরে ধাপে ধাপে বিস্তৃত করা হতে পারে।