মঙ্গলবার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: আগষ্টে হবে ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ
রফিকুল বাসার:
রূপপুর পারমাণবিক কেন্দ্রর বিদ্যুৎ উৎপাদনের প্রথম ধাপ শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি ভরা শুরু হবে। ফুয়েল লোডিং বা জ্বালানি ভরা বিদ্যুৎ উৎপাদনের প্রথম ধাপ। পরে বিভিন্ন পরীক্ষা শেষে পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
আগষ্টে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম উদ্বোধন করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
সহপর্যায়ক্রমে ১৬৩টি ইউরেনিয়াম বা জ্বালানি ভরা হবে। এরপর তিনধাপে বিভিন্ন পরীক্ষা শেষ আগস্টে হবে প্রথম ইউনিট থেকে তিনশ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক যাত্রা। বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আরও আগে দেশে এসে পৌঁছেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা মেনে আগের সব পরীক্ষাও শেষ হয়েছে। পর্যায়ক্রমে এবছরের শেষে প্রথম ইউনিট পুরোপুরি চালু হওয়ার পর আগামী বছর চালু হবে দ্বিতীয় ইউনিট।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এনার্জি বাংলাকে বলেন, রূপপুরে ফুয়েল লোডিংয়ের সব প্রস্তুতি শেষ। আগষ্টে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন। ভ্লাদিমির পুতিন অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত থাকতে পারেন বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং শুরু হবে ২০২৭ সালের জুনে। একই বছরের সেপ্টেম্বর নাগাদ উভয় ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বিদ্যুৎ সঞ্চালনে জাতীয় গ্রিড পুরোপুরি তৈরি। নিরাপত্তারও কোনো ঝুঁকি নেই বলে জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, রাশিয়ার পাওনা শোধ করার সাথে বিদ্যুৎকেন্দ্র চালুর কোনো সম্পর্ক নেই। তাদের পাওনা নিয়মিত ব্যাংকে জমা হচ্ছে বলেও তিনি জানান।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান শৌকত আকবর এনার্জি বাংলাকে বলেন, জ্বালানি গুলো একটার পর একটা লোড করা হবে। সব জ্বালানি লোড করা বা ভরা শেষ হলে কয়েকটি ধাপে পরীক্ষা করা হবে। এরপর শুরু হবে ইউরেনিয়াম পোড়ানো। এতে এক থেকে দেড় মাস সময় লাগবে। পরীক্ষা পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রয়োজনে ব্যবহার হবে। পরে জাতীয় গ্রিডে যাবে। এই ফুয়েল টানা তিন বছর চলবে।
২০১৩ সালের ২রা অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় ১৩ বছর পর পরমাণু থেকে বিদ্যুৎ পেতে যাচ্ছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, আইএইএ এর নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে পরীক্ষা শেষ করে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে।