রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ১২ই মে ২০২৬):

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) প্রবেশ করানো শেষ হয়েছে। বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদন শুরুর পথে একে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২৮শে এপ্রিল জ্বালানি প্রবেশ কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি স্থাপন করা হয়েছে।

এরপর রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। তারপর সব প্রযুক্তিগত ব্যবস্থার নির্ভরযোগ্য ও নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা করা হবে।

তারপর অল্প অল্প করে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন।

সংবাদ বিজ্ঞপ্তিতে রূপপুর প্রকল্পের পরিচালক এবং এটমস্ট্রয়েক্সপোর্ট-এর ভাইস প্ৰেসিডেন্ট আলেক্সি ডেইরি এর বরাত দিয়ে জানানো হয়, এই কাজে আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।