রূপপুর থেকে দ্রুতই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে: ফকির-অ্যালেক্সি বৈঠক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬):
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। আগামী বছর থেকে ২য় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরু হবে।
রাশিয়ার মস্কোয় শুক্রবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’-এর সার্বিক অগ্রগতি ও প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দ্বিপাক্ষিক এ বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’ এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (VVER-1200 রিয়্যাক্টর) থেকে জাতীয় গ্রীডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা সম্ভব হবে। মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দ্বিপাক্ষিক বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, ২৪০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।