তিতাস গ্যাস, বাপেক্স ও আরপিজিসিএল এ নতুন ব্যবস্থাপনা পরিচালক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬):
তিতাস গ্যাস, বাপেক্স ও আরপিজিসিএল এ নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পেট্রোবাংলা এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবিরকে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিনকে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ছিলেন। বাপেক্সের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে।