আবাসিকে নতুন গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ২২শে জুন ২০২৬):
এলপিজি সহজলভ্য হওয়ায় আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই।
সোমবার জাতীয় সংসদে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এতথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া এবং আমদানি করা এলএনজি যুক্ত হওয়ার পরও সরবরাহ ঘাটতি থাকায় ২০২৫ সালের ২৩শে জুলাই জারি করা পরিপত্র অনুযায়ী আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি খাতে নতুন গ্যাস-সংযোগ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে শুধু বিদ্যুৎ, সার ও বিশেষায়িত শিল্পাঞ্চলে নতুন সংযোগ দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, দেশে প্রাকৃতিক গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট, যেখানে ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল পর্যন্ত গড় সরবরাহ হয়েছে দৈনিক ২ হাজার ৬৫৪ মিলিয়ন ঘনফুট। ফলে দৈনিক ঘাটতি রয়েছে প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট।