এলপিজি: কেজিতে বাড়লো ১৮.৫৬ টাকা: দীর্ঘদিন পর বাড়লো সরকারি এলপি’র দাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ২রা নভেম্বর ২০২৬):
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১৭১ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা।
সোমবার নতুন দাম ঘোষণা করা হয়। সাড়ে ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত অন্যান্য সিলিন্ডারের দামও বেড়েছে।
দীর্ঘদিন অপরিবর্তিত থাকার পর সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। সাড়ে ১২ কেজির দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অক্টোবর মাসের জন্যও ১২কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছিল।
গাড়িতে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (অটোগ্যাস) দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। আগের মাসে অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এই মূল্য নির্ধারণের সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৯৭৫ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা। এ সময়ে কয়েক দফা দাম কমলেও বৃদ্ধির প্রবণতাই বেশি।
চলতি বছরের জানুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। ফেব্রুয়ারিতে তা বেড়ে ১ হাজার ৩৫৬ টাকা হয়। পরে ভ্যাট কমানোর কারণে ১৫ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৪১ টাকা। মার্চে দাম অপরিবর্তিত ছিল। এপ্রিলে দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়। প্রথম দফায় ৩৮৭ এবং দ্বিতীয় দফায় ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা। এরপর জুনে ৫৫ টাকা ও জুলাইয়ে ৩৫৭ টাকা কমানো হয়। আগস্টে ৭০ টাকা বাড়িয়ে দাম করা হয় ১ হাজার ৫৯৮ টাকা। সেপ্টেম্বরে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়। অক্টোবরে এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে দাম করা হয় ১ হাজার ৮৩৭ টাকা।