বন্যা: বিদ্যুৎ বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ১৩ই জুলাই ২০২৬):
বন্যায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
কোথাও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তাকে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গেও সার্বিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।
সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৩১শে জুলাই পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য বিদ্যুৎ বিভাগের ১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজধানীর বিদ্যুৎ ভবনের ১৪ তলায় স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষটি সরকারি ছুটিসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। জরুরি প্রয়োজন দেখা দিলে নির্ধারিত সময়ের পরও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২-৪৭১২০৩০৯ এবং মোবাইল নম্বর: ০১৭৩৯-০০০২৯৩।