জ্বালানি তেলের মতো মে মাসে এলপি গ্যাসের দামও অপরিবর্তিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৩রা মে ২০২৬):

জ্বালানি তেলের পর মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মে মাসের জন্য দাম ঘোষণা করেছে।

এপ্রিল মাসের মতই মে মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১৬১ টাকা ৭১ পয়সাই থাকছে ।

সরকারি এলপিজি’র ভোক্তাপর্যায়ে মুসকসহ মূল্যহার প্রতি সাড়ে ১২ কেজি ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত থাকবে।

ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৮৯ টাকা ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, মে মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন এর ঘোষিত সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টন ৭৫০ মার্কিন ডলার এবং ৮০০ মার্কিন ডলার। সে অনুযায়ী গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৭৮২.৫০ মার্কিন ডলার এবং প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় মূল্য ১২৩ টাকা বিবেচনায় মে মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে।