বিপণিবিতান আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার পর বন্ধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ১২ই আগস্ট ২০২৬):
বিপণিবিতান ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। বন্ধ থাকবে আলোকসজ্জা। মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে রাত ৮টার মধ্যে।
চলমান সংকট মোকাবেলায় বিদ্যুৎ বিভাগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা স্মারকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ১২ই আগস্ট থেকেই বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এর আগে ১১ই জুন থেকে শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো। তারও আগে রাত আটটায় দোকান বন্ধ রাখার নিয়ম করলেও সকালে খোলার কোনো নিয়ম ছিল না।
বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।