১২ কেজি এলপিজির দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ২রা আগষ্ট ২০২৬):
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়লো। ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫ ৯৮ টাকা করা হয়েছে, যা গতমাসে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে।
এলপিজির খুচরা মূল্য প্রতিকেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এই কেজিপ্রতি দর অনুযায়ী বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও নতুন করে নির্ধারিত হয়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি, জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩২ টাকা। ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজি সিলিন্ডার ২ হাজার ১৩০ টাকা এবং ১৮ কেজি সিলিন্ডার ২ হাজার ৩৯৭ টাকায় বিক্রি হবে। ২০ কেজির দাম ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজি দাম ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজি দাম ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজি দাম ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯২ টাকা।
সিলিন্ডার গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। যানবাহনে ব্যবহার করা অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাসা-বাড়িতে পাইপলাইনের মাধ্যমে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূল্য প্রতি কেজি ১২৯ টাকা ৪০ পয়সা করা হয়েছে। আর গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির মূল্য প্রতি লিটার ২৮.৭৫ পয়সা বা প্রতি ঘনমিটার ২৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি খাতের গ্যাসের দাম বাড়লেও সরকারি এলপিজির দামে কোনো পরিবর্তন আসেনি। বিইআরসির পূর্বের নির্দেশনানুযায়ী সরকারি ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের ভোক্তা মূল্য পূর্বের ৭৭৬ টাকা ৯৩ পয়সাতেই অপরিবর্তিত থাকবে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো ঘোষিত আগস্ট মাসের এলপিজির কাঁচামালের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। আগস্ট মাসে প্রোপেনের চুক্তি মূল্য প্রতি মেট্রিক টন ৬২০ মার্কিন ডলার এবং বিউটেনের ৬৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ৩৫ঃ৬৫ অনুপাতে এ দুই কাঁচামালের গড় সৌদি চুক্তি মূল্য দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৬৩৩ মার্কিন ডলার।
এর সঙ্গে প্রতি মেট্রিক টনে ১৮০ মার্কিন ডলার জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৬৯ পয়সা বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করেছে কমিশন।