উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ এর দাম বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৯ই আগস্ট ২০২৬):
উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ এর দাম বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার ১৫৯.৫২ টাকা; এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ১.০৩৫৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।
আগে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা আর দেশি-বিদেশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার দাম ছিল দশমিক ৮৫৫৬ ডলার।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪ (৪) এবং ৩৪ (৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) এর প্রস্তাবের প্রেক্ষিতে গণশুনানি করে এই দাম নির্ধারণ করা হয়েছে।