রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের তাগিদ

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬):

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম এর সহযোগী প্রতিষ্ঠান রোসাটম এনার্জি প্রজেক্ট জয়েন্ট স্টক কোম্পানির মহাপরিচালক আন্দ্রে রোজধেসটিভেন এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সেসময় রূপপুরের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৬শে আগস্ট অনুষ্ঠিত বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক অগ্রগতি, অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। তিনি প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রোসাটমের মহাপরিচালক রূপপুর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।