১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ২রা জুলাই ২০২৬):

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

বৃহস্পতিবার বিইআরসি নতুন দাম ঘোষণা করেছে।

জুলাই মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে। এ মাসে প্রোপেনের সিপি প্রতি মেট্রিক টন ৫৮০ মার্কিন ডলার এবং বিউটেনের ৬০০ মার্কিন ডলার ধরা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে দুই গ্যাসের গড় সিপি হয়েছে ৫৯৩ মার্কিন ডলার। পাশাপাশি এলপিজি আমদানিতে প্রতি মেট্রিক টনে ১৮০ মার্কিন ডলার জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৮ পয়সা বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি কেজি বোতলজাত এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা। সে হিসাবে ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯১ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯১০ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩৭ টাকা, ১৮ কেজি ২ হাজার ২৯১ টাকা, ২০ কেজি ২ হাজার ৫৪৬ টাকা, ২২ কেজি ২ হাজার ৮০১ টাকা, ২৫ কেজি ৩ হাজার ১৮৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৮১৯ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ২০১ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৪৫৬ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ টাকা।

তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা প্রতি ঘনমিটার ২৭৪ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রেখে ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা রাখা হয়েছে।

এর আগে ২রা জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।