জ্বালানি তেল বিক্রি: বিপিসির দৈনিক লোকসান ৭৮ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ২২শে জুন ২০২৬):
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতিদিন প্রায় ৭৮ কোটি টাকা লোকসান হচ্ছে। গত মার্চ থেকে ১১ই জুন পর্যন্ত আমদানি করা জ্বালানি তেলের ঋণপত্র পরিশোধের হিসাবে বিপিসির মোট লোকসান দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯ কোটি ৫৬ লাখ টাকা।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আবদুল খালেকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে লিখিত প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে গত মে মাস থেকে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে শুরু করলেও তা এখনো পরিচালন ব্যয়ের তুলনায় বেশি রয়েছে। ফলে দেশের বাজারে কম দামে জ্বালানি বিক্রি করায় বিপিসিকে লোকসান বহন করতে হচ্ছে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় কম দামে বিক্রি করলেও বিপিসি নিজস্ব তহবিল থেকে টানা তিন মাস জ্বালানি তেল আমদানি কার্যক্রম সচল রেখেছে। আন্তর্জাতিক বাজারে দাম আরও সহনশীল পর্যায়ে এলে দেশের বাজারেও মূল্য সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে।
বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় আনলে অনিয়ম কমবে
সংসদকে জ্বালানিমন্ত্রী জানান, বিপিসি ও এর অধীন বিপণন কোম্পানিগুলোর বিরুদ্ধে মে মাস পর্যন্ত ১ হাজার ৪০৯টি অডিট আপত্তি রয়েছে, যার আর্থিক পরিমাণ ১ লাখ ১৬ হাজার ২৩৩ কোটি টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং অডিট অধিদপ্তর ঢাকায় থাকলেও বিপিসির প্রধান কার্যালয় অন্যত্র হওয়ায় তথ্য আদান-প্রদানে জটিলতা তৈরি হচ্ছে। বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হলে অডিট কার্যক্রম আরও কার্যকর হবে এবং অনিয়ম প্রতিরোধ সহজ হবে।