তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকা ছাড় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৩১শে আগস্ট ২০২৬):

তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকা ছাড় দিয়েছে অর্থ বিভাগ।  দুই কিস্তিতে এই টাকা দেবে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের দেনা শোধ করতে এই অর্থ খরচ করা হবে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এনার্জি বাংলা এই তথ্য নিশ্চিত করেন।

জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে দৈনিক গড়ে ১২০ কোটি টাকা খরচ হয়। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এই খরচ বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেল দিয়ে বিদ্যুতের উৎপাদন বাড়ানো হবে। তেলভিত্তিক অন্তত পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে বলে জানান তিনি।

লোডশেডিং কমানো এবং শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়াতে ফার্নেস অয়েলভিত্তিক (তেলভিত্তিক) বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। লোডশেডিং সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে এই উদ্যোগ।

তেলভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ উৎপাদনে ফিরলে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের  ব্যবহার কমিয়ে সেই গ্যাস শিল্প কারখানায় সরবরাহ করাকে প্রধান অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বকেয়া পরিশোধ: সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ খাতের বকেয়া বিল পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি সংগ্রহের সক্ষমতা বাড়ে। এই অর্থ দিয়ে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের দেনা শোধ করা হবে।