জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে: জ্বালানি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ৭ই মার্চ ২০২৬):
দেশে ডিজেল, পেট্রোল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে তিনি মন্তব্য করেন।
শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
জনভোগান্তি কমাতে আগামীকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই শঙ্কা থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। এ বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বাস্তবে দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি স্বাভাবিক।
মন্ত্রী বলেন, ভবিষ্যতের সংকট এড়াতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিকল্পনা আছে। প্রয়োজন হলে বিকল্প উৎস ব্যবহার করা হবে।
গুজব বা আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী বলেন, এতে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়। আগামী ৯ই মার্চ দেশে আরও দুটি জ্বালানি তেলবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি হওয়ার শঙ্কা নেই।