বিদ্যুতের দাম সমন্বয় করতে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে মন্ত্রিসভা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬):

বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম সমন্বয়ের জন্য অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার প্রেক্ষিতে দেশে বিদ্যুতের দাম সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনটি জারি করেন অতিরিক্ত সচিব হুমায়ুন কবির।

প্রজ্ঞাপনে জানানো হয়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সদস্য হিসেবে থাকছেন। এছাড়া অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যয় বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ অবস্থায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা যাচাই করবে কমিটি। পর্যালোচনা শেষে তারা মন্ত্রিসভার বৈঠকের জন্য সুস্পষ্ট প্রস্তাব উপস্থাপন করবে।

কমিটিতে প্রয়োজনে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ এ কমিটির প্রশাসনিক সহায়তা দেবে।