উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম কমলো
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬):
উড়োজাহাজে ব্যবহার করা জ্বালানি জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।
অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২শ’২৭ টাকা ৮০পয়সা থেকে কমিয়ে ২শ’৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারে এক দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) থেকে কমিয়ে এক দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে।
এর আগে তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর লিটারে দাম প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।
জানুয়ারি মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা ছিল। ফেব্রুয়ারি মাসে ১৯ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ৯৫ টাকা ১২ পয়সা।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর ৯৫ টাকা ১২ পয়সা থেকে একলাফে দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়। ২৪শে মার্চ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। এপ্রিলে তা আরও বাড়িয়ে ২২৭ টাকা ৮০ পয়সা করা হয়।