বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে: বিপিসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ১লা জুলাই ২০২৬):
বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের জন্য বুধবার দেশের সব তেলের ডিপো এবং প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের প্রধানস্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনার বিপণন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল এর সই করা চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
এই আদেশ যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
এ সময় বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, দেশী ও বিদেশী এয়ারলাইন্সে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ডিপোর জেটএ-১ মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম যথাসম্ভব দ্রুত শেষ করে সরবরাহ কার্যক্রম সচল রাখতে হবে।