রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ১১ই অক্টোবর ২০২৬):
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা বিভাজন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালন কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো।
রোববার বিকালে এই বিক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
দুএকদিন পর ফাস্ট ক্রিটিক্যালিটি শুরু হবে। ফাস্ট ক্রিটিক্যালিটি হলো পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত ও স্বয়ংসম্পূর্ণ ধারাবাহিক নিউক্লীয় বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর্যায়। এ সময় চুল্লিতে উৎপন্ন নিউট্রনের সংখ্যা এমন অবস্থায় পৌঁছায়, যাতে বিক্রিয়াটি ধারাবাহিকভাবে চলতে পারে। তবে এ পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে—এমনটি বোঝায় না।
পরবর্তী ধাপে নির্ধারিত নিরাপত্তা ও কারিগরি পরীক্ষা সম্পন্ন করে চুল্লির ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো এবং জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।