ইরান যুদ্ধ শুরুর পর অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান দেশে: চালু শোধনাগার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ৯ই মে ২০২৬):
জ্বালানি সংকটে প্রায় একমাস বন্ধ থাকার পর চালু হয়েছে সরকার নিয়ন্ত্রিত দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। শুক্রবার সকাল থেকে শোধনাগারের ইউনিটগুলো পর্যায়ক্রমে চালু হচ্ছে। ধাপে ধাপে পূর্ণ উৎপাদনে যাবে।
হরমুজ প্রণালি এড়িয়ে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে জাহাজটি বুধবার দুপুরে কুতুবদিয়া চ্যানেলে আসে। ইরান ইসরাইল যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর এটিই দেশে আসা অপরিশোধিত তেলের প্রথম চালান।
বিপিসি সূত্র জানায়, আমদানি করা অপরিশোধিত জ্বালানি কুতুবদিয়ার বহির্নোঙরে থাকা মূল জাহাজ থেকে ছোট ছোট জাহাজে করে শোধনাগারে পৌঁছেছে। ফলে শুক্রবার সকাল থেকে ইউনিটগুলো চালু হয়েছে।
অপরিশোধিত জ্বালানি তেলের শেষ চালান এসেছিল ১৮ই ফেব্রুয়ারি। প্রায় দুই মাস উৎপাদন ঠিকভাবে হয়নি। মার্চে শোধনাগারের পরিশোধন চার হাজার ৫০০ মেট্রিক টন থেকে তিন হাজার ৫০০ মেট্রিক টনে নামিয়ে আনা হয়। অপরিশোধিত তেলের মজুদ শেষ হয়ে গেলে ১৪ই এপ্রিল থেকে শোধনাগার বন্ধ করে দেওয়া হয়।