ফার্নেস অয়েলের দাম বাড়ল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬): 

ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে।

বুধবার এ-সংক্রান্ত আদেশ জারি করে বিইআরসি। বিদ্যুৎ উৎপাদনে এই তেল ব্যবহার হয়। বিদ্যুৎ উৎপাদনে দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহার হয়। ফলে জ্বালানি তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে।

এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল কমিশন। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরের দুই মাসে তা আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নামে। এবার এক ধাক্কায় ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করছে বিইআরসি।